ইলিয়াস হোসেইন বাংলা এডিশন বন্ধ করলো সরকার
ইলিয়াস হোসেইন বাংলা এডিশন বন্ধ করলো সরকার
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিষ্ঠিত অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলা এডিশন’-এর নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বাতিল করেছে সরকার। এর ফলে মিডিয়াটির কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটে নতুন কোনো কনটেন্ট প্রকাশিত হচ্ছে না।
সূত্রমতে, গতকাল সোমবারের পর থেকে বাংলা এডিশনের ওয়েবসাইটে কোনো নতুন খবর প্রকাশিত হয়নি। এনওসি বাতিল হওয়ায় আইনগতভাবে তারা আর সংবাদ প্রকাশ করতে পারবে না।

এতে করে মিডিয়াটির সাংবাদিকরা সরকারি অফিস, আদালত বা সংবাদ সম্মেলনে প্রবেশ করে খবর সংগ্রহের যোগ্যতা হারিয়েছেন। যদি তারা বাংলা এডিশনের আইডি কার্ড ব্যবহার করে কাজ করার চেষ্টা করেন, তাহলে তাদের অবৈধ ঘোষণা করা হতে পারে।
এর পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে ইলিয়াস হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড। সম্প্রতি প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইলিয়াস হোসেনকে প্রধান উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি তার ফেসবুক পোস্টে এই দুটি মিডিয়া হাউসের ভবন পোড়ানোর আহ্বান জানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এর প্রতিক্রিয়ায় মেটা তার একাধিক ফেসবুক পেজ ডিলিট বা রিস্ট্রিক্ট করেছে, এবং সরকার তার দ্বিতীয় পেজও বাংলাদেশ থেকে অদৃশ্য করে দিয়েছে।
এবার সরকারের এই সিদ্ধান্তকে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি। ইলিয়াস হোসেনের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি।
কিন্তু পিনাকী ভট্টাচার্যের প্রতিক্রিয়া সামনে এসেছে :
প্রবাসী লেখক ও অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ”

বাংলা এডিশনের এনওসি বাতিল করে দেয়া হইছে। প্রশ্ন হইতেছে কেন? ইলিয়াসের প্রতিষ্ঠিত বাংলা এডিশন এটাই যদি অপরাধ হয় তাইলে তো সালমান রহমানের বেক্সিমকো বন্ধ কইরা দেয়া উচিত। টিপু মুনশির এভারকেয়ার বন্ধ করে দেয়া উচিত, আওয়ামী নেতাদের প্রতিষ্ঠিত সকল বানিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া উচিত।
এস আলমের সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া উচিত। আওয়ামী লীগের মুখপত্র বাংলার বাণী পত্রিকার রেজিস্ট্রেশন বাতিল করে দেয়া উচিত। তার আগে তো হাসিনার বসানো প্রেসিডেন্ট চুপ্পুকে সরায়ে দেয়া উচিত।
যেকোনো সরকারি সিদ্ধান্তের একটা জাস্টিফিকেশন থাকতে হবে তো। কোন জাস্টিফিকেশন দিতে পারবে ইউনুস সরকার পারবে না। আদালতে গেলেও তো সরকারের এই সিদ্ধান্ত টিকবে না।”
আপনারা দেখবেন প্রথম আলো আর ডেইলি স্টারের জন্য কাইন্দা বুক ভাসানো কেউই বাংলা এডিশনের জন্য কিছুই বলবে না। এই হইতেছে বাঙ্গালি এলিটদের ভণ্ডামি। বাংলা এডিশন মিডিয়া হিসাবে করলোটা কী, যে এনওসি বাতিল করতে হবে?”
এখন দেখার বিষয়, ইলিয়াস হোসেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় কিনা
Source : international News agencies & Special correspondent


